লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘পাঁচ-ছয় জায়গা থেকে চাপ এসেছে নির্বাচনে অংশ নেওয়ার জন্য। কিন্তু এলডিপি কোনো চাপে মাথা নত করবে না। ভাগাভাগির নির্বাচনে অংশ নেবে না।’
আজ শুক্রবার (২৪ নভেম্বর) মগবাজারের গুলফেশা প্লাজায় নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, ‘দেশ সংকটের মধ্যে যাচ্ছে, কিছু মানুষ গরু ছাগলের মত বিক্রি হয়ে যাচ্ছে কোরবানীর পশুর মতো। আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করবে না এলডিপি। ভাহাভাগির কোনো নির্বাচনে এলডিপি যাবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হলে তবেই সে নিবাচনে যাবে এলডিপি।’
তিনি বলেন, ‘এলডিপি বেঈমানী করবে না। মুনাফেকি করবে না। মন্ত্রী এমপি হওয়ার জন্য এলডিপি রাজনীতি করে না। দেশের জন্য এলডিপি রাজনীতি করে। মানুষের জন্য কাজ করতে চায় এলডিপি।’
অলি আহমদ বলেন, ‘অনেক জায়গা থেকে চাপ আসছে। নির্বাচনে অংশ নিতে বলা হচ্ছে। কিন্তু এলডিপির একটাই কথা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না এলডিপি। এলডিপি আগের স্থানেই আছে এবং ভবিষ্যতে থাকবে।’
তিনি বলেন, ‘নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ডলার সঙ্কটের মাঝে কোন ভাগাভাগির নির্বাচনে গিয়ে একদলীয় শাসন ব্যবস্থাকে সমর্থন দিতে চায় না এলডিপি। পরের প্রজন্মের কাছে জবাবদিহিতা রাখতে চায় তারা। বিএনপির পরবর্তী কর্মসূচিগুলোতে সঙ্গে থাকবে এলডিপি।’
