উপজেলা বিএনপির সভাপতিকে আটকে পুলিশে দিল যুবলীগ-ছাত্রলীগ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১০:১২ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলার তুলাতুলী এলাকায় মশাল মিছিল শেষে উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির ডাকা অবরোধের সমর্থনে শনিবার সন্ধ্যায় তুলাতুলী এলাকার ফেনী-নোয়াখালী সড়কে মশাল মিছিল বের করা হয়।

মশাল মিছিলে উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, যুবদল নেতা ইসমাইল হোসেন সবুজ ও নাছির উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা আকবরকে ঘেরাও করে পুলিশে খবর দেয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, স্থানীয়রা আকবর হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে রবিবার তাকে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, আকবর হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই। তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত