অপ্রতিরোধ্য রোনালদোর আরেক কীর্তি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০১:৪২ এএম

২০২২ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর অনেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু রোনালদো ভেবে রেখেছিলেন ভিন্ন কিছু।

বিশ্বকাপ শেষে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদো হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। সর্বশেষ শুক্রবার রাতে সৌদি সুপার লিগের ম্যাচে আখদাউদের বিপক্ষে আল নাসরের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন রোনালদো, যেখানে দুটি গোলই ছিল চোখ ধাঁধানো। বল পায়ে রোনালদোকে যেন থামানোই যাচ্ছে না। শেষ তিন লিগ ম্যাচে রোনালদো পেয়েছেন ৪ গোল।

গত রাতে অবনমন অঞ্চলের দল আখদাউদের বিপক্ষে রোনালদো প্রথম গোলটি পান ৭৭ মিনিটে। বক্সের ভেতর ডান পাশে রোনালদো যখন বল পান, তখন তার সামনে ছিল প্রতিপক্ষের গোলরক্ষকসহ চার খেলোয়াড়। শুরুতে দারুণভাবে বলটি নিজের নিয়ন্ত্রণে নেন ‘সিআর সেভেন’। এরপর দুইবারের স্পর্শে বলকে আরেকটু ভেতরে টেনে নেন। একেবারে সামনে থাকা দুই ডিফেন্ডারও সামনে এগিয়ে যান। কিন্তু এরপরই কাছাকাছি জায়গা থেকে কাছের পোস্ট লক্ষ্য করে বুলেটগতির শট নেন রোনালদো। সামনে থাকা দুই ডিফেন্ডার তো বটেই, এমনকি পোস্ট আগলে রাখা গোলরক্ষক ও ডিফেন্ডারকেও পেরিয়ে বল জড়ায় জালে। দুর্দান্ত এই গোলের পর দারুণ উল্লাসে মাতেন রোনালদো। যদিও রোনালদোর সেরা গোলটি আসে আরও তিন মিনিট পর।

আল নাসরের অর্ধে আক্রমণ তৈরির পর সম্মিলিতভাবে প্রতিপক্ষ রক্ষণের দিকে এগিয়ে যাচ্ছিলেন আল নাসর খেলোয়াড়রা। শুরুতে কিছুটা পিছিয়ে থাকা রোনালদো সতীর্থের উদ্দেশে বল বাড়িয়ে একটু আয়েশি ভঙ্গিতে এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে। আল নাসর খেলোয়াড়কে থামাতে এ সময় এগিয়ে আসেন আখদাউদ গোলরক্ষক। রীতিমতো মাটিতে শুয়ে আক্রমণ ঠেকিয়েও দেন তিনি। কিন্তু সেই বল চলে আসে প্রায় ৩০ মিটারের বেশি দূরে থাকা রোনালদোর কাছে।

বল ক্লিয়ার করা গোলরক্ষকও তখন রোনালদোর কাছাকাছি জায়গায় ছিলেন। প্রথমে বুক দিয়ে বলটা নামিয়ে নেন রোনালদো। তারপর কাউকে বল না বাড়িয়ে সেখান থেকেই লব করেন পর্তুগিজ তারকা। বক্সের ভেতর প্রতিপক্ষের তিন খেলোয়াড় পাহারায় থাকলেও তাদের তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না। এই গোলে নতুন একটি রেকর্ড গড়েছেন রোনালদো। প্রথম বিভাগ লিগে (প্রিমিয়ার লিগসহ) সবচেয়ে বেশি গোলের মালিক তিনি। ৫২৭ গোল নিয়ে ছাড়িয়ে গেছেন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস এবং অস্ট্রিয়ান ও চেক রিপাবলিকের জোসেফ বিকানকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত