মুক্তিযুদ্ধের আকাক্সক্ষার বিপরীতে দাঁড়িয়ে বর্তমান সরকার ‘ফ্যাসিবাদী কায়দায়’ দেশ পরিচালনা করছে উল্লেখ করে বক্তারা বলেছেন, সর্বশেষ গত ২০১৪ এবং ২০১৮ সালের মতো ‘একতরফা’ নির্বাচনের গণবিরোধী তফসিল ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রের কবর রচনা করেছে সরকার। সরকার নির্বাচনী উৎসব করছে, অথচ জনগণ সারা দেশের পরিস্থিতি নিয়ে সন্ত্রস্ত। একদিকে সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকদিকে শ্রমিকদের ন্যূনতম মজুরির আন্দোলনে গুলি চালিয়ে সরকার নিজের গণবিরোধী চরিত্র বারবার প্রমাণ করে চলেছে।
গতকাল শনিবার বেলা ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে বাসদের প্রথম বরিশাল জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বাসদ বরিশাল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বিজন শিকদারের সঞ্চালনায় ও জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও বাসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, কেন্দ্রীয় কমিটির সম্পাদকম-লীর সদস্য কমরেড জনার্দ্দন দত্ত নান্টু, বাসদ বরিশাল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দুলাল মল্লিক প্রমুখ।
বক্তারা আরও বলেন, বরিশাল একটি বিভাগীয় শহর হওয়ার পরও এখানে গ্যাস সংযোগ নেই, শিল্পায়ন নেই। ২৮ বছর আগে ভোলায় গ্যাস আবিষ্কৃত হলেও আজ পর্যন্ত বরিশাল বিভাগে গ্যাস সংযোগ দেওয়া হয়নি। বরং অন্যত্র এই গ্যাস সরবরাহের চুক্তি করা হয়েছে।
