রাজধানীর কদমতলীর রায়েরবাগে নিজের বাড়ির সামনে আড্ডা ও হট্টগোল করতে নিষেধ করায় এক বৃদ্ধকে কিলঘুষি মেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম আব্দুর রহিম খান (৭০)। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর পৌনে ২টার দিকে মৃত্যু হয়।
রহিমের ছেলে রাকিবুল ইসলাম বলেন, ‘মেরাজনগর সি-ব্লকে তাদের নিজেদের বাড়ি রয়েছে। বাড়ির সামনে ফাঁকা মাঠে এলাকার কিছু যুবক আড্ডা ও মাদকদ্রব্য সেবন করে। শনিবার কিছু ছেলে সেখানে আড্ডা দিচ্ছিল এবং হট্টগোল করছিল। তখন তাদের সেখানে হট্টগোল করতে নিষেধ করলে আমাকে মারতে থাকে। পরে আমার বাবা এগিয়ে গেলে আব্দুল্লাহ, ইলিয়াছ ও সিয়াম নামের তিনজন বাবার বুকে কিলঘুষি মারে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে বাবা অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে প্রথমে রায়েরবাগ ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মারধরের কারণে ওই বৃদ্ধ মারা যান বলে অভিযোগ করছে তার পরিবার। ঘটনাটি থানা-পুলিশ তদন্ত করছে।
