সুন্দরবনে নদীতে ভাসমান বাঘের মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৬:২৬ এএম

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের রায়মঙ্গল নদীর ভাটিতে ভেসে আসা বয়স্ক একটি বাঘের পচাগলা মরদেহ উদ্ধার হয়েছে। বনজীবীদের ফোন পেয়ে কাচিকাটা টহলফাঁড়ির সদস্যরা নদীতে ভাসমান একটি বাঘের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে শ্যামনগর থানায় ডায়েরি করেছে বলে জানায় বন বিভাগের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরুল আলম।

শনিবার রাতে বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা গহিন সুন্দরবনের রায়মঙ্গল নদীতে ভাসমান অবস্থায় মস্তকবিহীন অর্ধগলিত বাঘটি উদ্ধার করেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলেদের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক নদীতে ভাসমান অবস্থায় মৃত বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত