দিনাজপুরের ১৬ কলেজের সব পরীক্ষার্থী ফেল

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০২:৩২ এএম

দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এইচএসসি পরীক্ষায় ৬৭১টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ১৬টি কলেজের শিক্ষার্থী রয়েছেন মোট ৪৬ জন। ওই ১৬টি কলেজের সবাই ফেল করেছে।

গতকাল রবিবার দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী এ তথ্য জানান।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার ৬৭১টি কলেজের ১ লাখ ১২ হাজার ২৬৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮২ হাজার ৫৭৯ জন। পাসের হার ৭৪ দশমিক ৪৮। ওই ৬৭১টি কলেজের মধ্যে ১৬টি কলেজের ৪৬ জন পরীক্ষায় অংশ নেন; যাদের কেউ পাস করতে পারেননি।

কলেজগুলো হলো কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহানগঞ্জ আদর্শ কলেজের ১১ জন, উলিপুরের বাগুয়া অনন্তপুর স্কুল ও কলেজের চারজন, রৌমারীর দাঁতভাঙা মডেল কলেজের একজন, নাগেশ্বরীর সমাজকল্যাণ মহিলা কলেজের একজন ও ভুরুঙ্গামারীর মেইডাম কলেজের একজন; লালমনিহাটের আদিতমারী উপজেলার বেহলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পাঁচজন, আদিতমারীর কুমরিরহাট এসসি স্কুল অ্যান্ড কলেজের দুজন, কালীগঞ্জের দুহুলি এসসি হাই স্কুল ও কলেজের একজন, দক্ষিণ ঘানাসিয়াম স্কুল ও কলেজের একজন, দিনাজপুরের বিরামপুর উপজেলার বেপারিতলা আদর্শ কলেজের পাঁচজন ও ফুলবাড়ীর উত্তর লক্ষ্মীপুর হাইস্কুল ও কলেজের একজন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট জনতা স্কুল ও কলেজের পাঁচজন, সদর উপজেলার কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজের চারজন ও পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজের একজন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজের দুজন, নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমু-া আদর্শ কলেজের একজন।

১৬টি কলেজের ফলাফলের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘অকৃতকার্য হওয়া কলেজগুলো সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত