রাজধানীর মোহাম্মদপুর থানায় নাশকতার এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীসহ তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর অন্য দুজন হলেন মো. রিয়াজ হোসেন ও মো. উজ্জল মিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) অনিক ভক্ত আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আজাদ রহমান জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
