সোমবার সন্ধ্যায় বিয়ে করছেন পরমব্রত। পাত্রী সবার চেনা। গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। বহুদিন ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন, তবে তাতে শিলমোহর দিতে এতদিন নারাজ ছিলেন দুই পক্ষ। তবে এখন আর রাখঢাক নেই। একেবারে আনুষ্ঠানিকভাবেই তাঁরা ঘোষণা করতে চলেছেন তাঁদের সম্পর্কের কথা। কিন্তু কীভাবে শুরু হলো পরমব্রত-পিয়ার সম্পর্কের সূত্রপাত?
অনুপম রায় ও পিয়ার সম্পর্ক ভাঙে ২০২১ সালে। সেই সময় তাঁরা দুজনেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্ক ভাঙার কথা ঘোষণা করেছিলেন। তখন শোনা যাচ্ছিল যে তাঁদের দাম্পত্য জীবনের মাঝে নাকি চলে এসেছেন পরমব্রত। যদিও সেই সময় পরম নিজেই এই বিষয়টিকে নাকচ করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তাঁরা শুধুমাত্র ভালো বন্ধু।
যদিও যে কোনও সম্পর্কের সূত্রপাতই হয়ে থাকে বন্ধুত্বের মাধ্যমেই। সেই সময় আবার করোনা মহামারিও চলছিল। কলকাতার সিনেমার কাজ বন্ধ ছিল। তবে পরমব্রত সামাজিক কাজ যে করে থাকেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আসলে বেশিরভাগ ভালোবাসা, সম্পর্কের ক্ষেত্রে গল্পের শুরুটা হয় বন্ধুত্ব দিয়ে। পরম আর পিয়ার গল্পটাও শুরু হয়েছে ঠিক এইভাবে। কভিড কালে ত্রাণ বিলি করতে গিয়েই তাঁদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। জমে ওঠে দুজনের বন্ধুত্ব। তারপর আর কী, যোগাযোগ বাড়ে, বন্ধুত্ব আরও গভীর হয়।
পরম আর পিয়া কাছাকাছি আসেন দুজনের। পিয়ার প্রেমে পড়ে যান পরমব্রত। আর আগামী জীবনটাও একসঙ্গে বেঁধে বেঁধে থাকার সিদ্ধান্ত নিয়েই ফেললেন অভিনেতা।
