রাজধানীর আগারগাঁওয়ে ভবন নির্মাণের কাজ করার সময় খালি একটি রাসায়নিকের ড্রাম কাটার সময় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার সকালে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, দগ্ধরা হলেন রফিকুল ইসলাম রবিন (১৯), মোজাফর হক (২৬), সরলাল দাস (৪৫) ও রফিকুল ইসলাম (৩৫)। হাসপাতালে আহতরা জানান, তারা নূরানী কনস্ট্রাকশনে শ্রমিক হিসেবে আগারগাঁও তালতলা এলাকায় একটি ভবন নির্মাণের কাজ করছিলেন। ভবনটির সবেমাত্র বেসমেন্টের কাজ চলছে। গতকাল সকালে কাজের প্রয়োজনে পানির পাত্র হিসেবে ব্যবহার করার জন্য একটি কেমিক্যালের খালি ড্রাম গ্রাইন্ডিং মেশিন দিয়ে ওপরের অংশ কাটছিলেন। ওই সময় হঠাৎ করে সেখান থেকে একটি বিস্ফোরণ হয়। তখন আশপাশে থাকা তারা চারজনের শরীরে আগুন ধরে যায়। সহকর্মীরা তাদের শরীরে আগুন নিভিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসেন। আহতদের ধারণা খালি ড্রামটির ভেতরে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে। চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে রফিকুল ইসলামের দুই পা এবং হাতসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে।
