ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনার মামলার রায় জানা যাবে আগামী ২১ জানুয়ারি। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১২-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন।
মামলার অভিযোগ অনুযায়ী ২০১৮ সালের ৩ ডিসেম্বর পরীক্ষা চলাকালে মোবাইল ফোনে নকল করার অভিযোগ তুলে অরিত্রী এবং তার বাবা ও মাকে শিক্ষাপ্রতিষ্ঠানে ডেকে নিয়ে তিরস্কার ও অপমান করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখাপ্রধান জিন্নাত আক্তার। সে সময় অরিত্রী দ্রুত অধ্যক্ষের কক্ষ থেকে বের হয়ে যায়। পরে শান্তিনগরের বাসায় গিয়ে অরিত্রী তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
অরিত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তার বাবা দিলীপ অধিকারী রাজধানীর পল্টন থানায় একটি মামলা করেন।
