সার্ভার থেকে জাতীয় পরিচয়পত্র হ্যাক করে সরকার প্রতারণার মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের নামে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কিনছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দেশের সব মানুষের ন্যাশনাল আইডি (এনআইডি) কার্ড হ্যাক করে সরকার নিজের কাছে রেখেছে। এই এনআইডি কার্ড দিয়ে সরকার প্রতারণা করছে। মনোনয়ন ফরম কিনছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে। অথচ এ তথ্য নেতাকর্মীরা জানে না।’ গতকাল মঙ্গলবার ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন এই বিএনপি নেতা।
রিজভী বলেন, ‘এনআইডি কার্ড দিয়ে সরকার প্রতারণা করছে। মনোনয়ন ফরম কিনছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে। সব কর্তৃত্ব হচ্ছে শেখ হাসিনার হাতে এবং সরকারের হাতে। এটা যখন প্রকাশ পেয়েছে, দেশ-বিদেশে গণতন্ত্রকামী মানুষরা তীব্র প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এ ভোটারবিহীন সরকার নিজের স্বার্থ বাস্তবায়ন করার জন্য কারও কথা শোনে না।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের এনআইডি কার্ড হ্যাক করে তার নামে ফরম কেনা হয়েছে; অথচ তিনি এ বিষয়ে কিছুই জানেন না। পরে তিনি সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন। যে দেশে জাল-জালিয়াতি চলে, সেই দেশের মানুষের বেঁচে থাকা, জীবন নির্বাহ করা হতাশার মধ্যে নৈরাজ্যের মধ্যে ঢেকে যায়। বাংলাদেশের পরিস্থিতি এখন তাই।’
