বোনকে জমি বেশি দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা!

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫৪ এএম

নীলফামারীর ডিমলায় বড় বোনকে প্রাপ্যের চেয়ে বেশি জমি লিখে দেওয়া হয়েছে অজুহাতে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে নুর ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত এলাকার বুড়িতিস্তার চরের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার সকালে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি মিলনপাড়ায় বাবা আবদুল আজিজকে (৭০) কোদাল দিয়ে কুপিয়ে পালিয়ে যান ছেলে নুর ইসলাম।

গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিমলা থানার ওসি দেবাশীষ রায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল আজিজের তিন ছেলে ও তিন মেয়ে। এক বছর আগে আজিজ তার ৪৬ শতক জমি থেকে বড় মেয়ে আরজিনা বেগমকে ১৬ শতাংশ লিখে দেন। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চলছিল। গত মঙ্গলবার সকালে আজিজ বাড়ির সামনের জমিতে ভুট্টা রোপণের সময় জমির সীমানা নিয়ে ছেলে নুর ইসলাম তার সঙ্গে বিত-ায় লিপ্ত হয়। একপর্যায়ে কোদাল দিয়ে আজিজকে কুপিয়ে পালিয়ে যান ছেলে নুর। পরে স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আজিজ।

ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় জলঢাকা থানার পুলিশ অভিযান চালিয়ে জলঢাকার নেকবক্ত এলাকার বুড়িতিস্তা চরের এক আত্মীয়ের বাড়ি থেকে নুর ইসলামকে গ্রেপ্তার করে।

ডিমলা থানার ওসি দেবাশীষ রায় বলেন, এ ঘটনায় নিহত আজিজের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত