পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান পদে রদবদল

সালাউদ্দিনের দায়িত্বে কিংসের ইমরুল হাসান

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

নির্বাচনে অংশ নেওয়ার আগেই জেলা ফুটবল নিয়ে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছিলেন। সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি হওয়ার স্বাভাবিকভাবেই জাতীয় দল কমিটির দায়িত্ব পাওয়ার কথা ছিল তাঁর। তবে ইমরুল হাসানকে গুরুত্বপূর্ণ দুটি স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব দেওয়া হয়নি। বরং দেওয়া হয় অবহেলিত মহানগর লিগ কমিটি ও পাইওনিয়র লিগ কমিটির দায়িত্ব। তিন বছরে বসুন্ধরা গ্রুপের এই শীর্ষ কর্মকর্তার অধীনে নিচের সারির সবকটি লিগ হয়েছে নিয়মিত। বসুন্ধরা গ্রুপ পেশাদার ফুটবল লিগ থেকে শুরু করে দেশের চলমান প্রায় সব লিগেরই স্পন্সর। নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের পুরস্কার মেয়াদের শেষ বছরে পেলেন ইমরুল হাসান। বৃহস্পতিবার তাঁর হাতে পেশাদার ফুটবল লিগ কমিটির দায়িত্ব তুলে দেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। গত এক বছর এই দায়িত্বে ছিলেন তিনি নিজেই।

প্রায় এক যুগ পেশাদার ফুটবল লিগ কমিটির দায়িত্ব পালন করেছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। গত বছর তাকে সরিয়ে গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব নিজের হাতে নেন বাফুফে সভাপতি। আবার তিনিই বছর ঘুরতেই ইমরুল হাসানের হাতে সেই দায়িত্ব তুলে দিয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ায় ইমরুলকে ছাড়তে হচ্ছে মহানগর লিগ কমিটি ও পাইওনিয়র লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব।
ইমরুল হাসান বসুন্ধরা কিংসের সভাপতি। তার হাত ধরেই গেলো পাঁচ বছরে বসুন্ধরা কিংস দেশের সেরা দলের স্বীকৃতি পেয়েছে। দলটি টানা চারটি লিগ শিরোপা জিতেছে। আন্তর্জাতিক পর্যায়েও দেশের সুনাম বাড়াচ্ছে। দেশের ফুটবল উন্নয়নে বিরামহীন কাজ করে চলা বসুন্ধরা কিংসকে একটি মডেল ক্লাবে পরিণত করার কৃতিত্ব ইমরুলেরই। আবার এই ক্লাবের ফুটবলারদেরই আধিপত্য জাতীয় দলে। সব মিলিয়ে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে নিজের স্থলাভিষিক্ত করার জন্য ইমরুলকেই যোগ্য মনে হয়েছে সালাউদ্দিনের। যদিও একটি ক্লাবের শীর্ষ কর্তা হওয়ায় স্বার্থের সংঘাত ঘটবে কীনা এ নিয়ে বৃহস্পতিবার প্রশ্নের সম্মুখিন হতে হয় বাফুফে সভাপতিকে। তিনি সাফ জানিয়েছেন, এরকম কোন আশঙ্কা তার মধ্যে নেই, 'সবার মধ্যে এই যোগ্যতা থাকে না। অনেকের মধ্যে সে যোগ্য। এখন থেকে ইমরুল পেশাদার লিগ কমিটির দায়িত্ব পালন করবে। সভাপতি হিসেবে আমাকে আরও অনেক দায়িত্ব পালন করতে হয়। তাই ইমরুলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।'

বাফুফের জাতীয় দল কমিটির প্রধান আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ। দীর্ঘদিন ধরেই জাতীয় দল কমিটির দায়িত্ব পালন করছেন নাবিল। এছাড়া অতীতে পেশাদার লিগ কমিটির দায়িত্ব পালন করা সালাম মুর্শেদী মোহামেডানের সঙ্গে সম্পৃক্ত। সালাউদ্দিনের দাবী ক্লাবের সঙ্গে সম্পৃক্ততা থাকলেও বাফুফে কোন দায়িত্ব দিলে সেটা তাঁরা সততার সঙ্গেই পালন করেন, 'জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল। সে সরাসরি আবাহনীর সঙ্গে যুক্ত। জাতীয় দল তো আবাহনীই চালিয়ে আসছে। আবার দেখেন জাতীয় দলে বসুন্ধরা কিংসের খেলোয়াড়ই বেশি। সুতরাং নাবিল কিন্তু বাফুফের দায়িত্বটা নিষ্ঠার সঙ্গেই পালন করছেন। যদি ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকাদের বাদ দিয়ে এগুতে হয়, তবে তো পুরো নিয়মই বদলাতে হবে।'

নতুন চ্যালেঞ্জ দেওয়ার জন্য বাফুফে সভাপতিকে ধন্যবাদ জানিয়ে ইমরুল হাসান বলেন, 'বিতর্ক সবসময়ই থাকবে। এমনকি বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের রেফরিং নিয়েও বিতর্ক হয়েছে। ফিফা-এএফসি'র কার্যক্রম নিয়েও বিতর্ক আছে। আমি মনে করি বিতর্ক খেলাধুলারই একটা অংশ। তাই চেষ্টা করবো আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের এবং বিতর্ক যাতে কম হয় সেভাবে কাজ করতে চাইবো।' এখনও নিজের কর্মপন্থা ঠিক করেননি ইমরুল। তবে শীর্ষ লিগটা নির্দিষ্ট সময়ে শুরু ও শেষের একটা প্রতিশ্রুতি শুরুর দিনেই দিয়েছেন তিনি, 'সঠিকভাবে দায়িত্ব পালন করাই আমার লক্ষ্য। চেষ্টা থাকবে নির্দিষ্ট সময়ে লিগ শুরু করে সঠিক সময়ে শেষ করা। আর আন্তর্জাতিক উইন্ডোর সঙ্গে আমাদের উইন্ডোর যে সংঘর্ষ হয়, যার ফলে বড় দলগুলো যারা এএফসির বিভিন্ন টুর্নামেন্ট খেলে, উইন্ডোতে পার্থক্য থাকে বলে চাইলেও আমরা ভালো বিদেশী আনতে পারি না। চেষ্টা থাকবে এই দুটি উইন্ডো ম্যাচ করার। এ বছর হয়তো সম্ভব হবে না। কারণ ইতিমধ্যে উইন্ডো ঘোষণা হয়ে গেছে। সামনের মৌসুমে চেষ্টা করবো যাতে ক্লাবগুলো ভালো বিদেশী আনতে পারে।' 

নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় নিজেকে প্রমাণের সময় চাইলেন ইমরুল। সময়ই বলে দিবে তিনি কতটা নিরপেক্ষতা বজায় রাখতে পারেন, 'আমি যখন লিগ কমিটির দায়িত্বে বসবো, তখন দশটি ক্লাবই আমার কাছে সমান। আমি এটুকু বলতে পারি, লিগ কমিটির পক্ষ থেকে শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করেই এই দায়িত্ব পালন করবো।' ক্লাবগুলোকে অংশগ্রহণ ফি ঠিকঠাক দিতে প্রতি মৌসুমেই ব্যর্থ হয় বাফুফে। ইমরুল এই সঙ্কট কমিয়ে আনার চেষ্টার কথা বলেছেন দায়িত্ব নেওয়ার দিনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত