বললেন তাইজুল ইসলাম

পুরো বছরের আত্মবিশ্বাস সঞ্চয় করে রাখতে চায় বাংলাদেশ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম

সিলেট টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দেওয়ার পর ৭ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। যার ৪টি একাই শিকার করেছেন তাইজুল ইসলাম। স্পিন বিভাগকে নেতৃত্ব দেওয়া এ অভিজ্ঞ বাঁহাতি স্পিনার প্রথম ইনিংসেও শিকার করেছিলেন ৪ উইকেট।

 দিনশেষে সংবাদ সম্মেলনে এসে বিনিময় করেন দিনের অভিজ্ঞতা। শেষদিনে কিউদের চাই ২১৯ রান। আর বাংলাদেশের দরকার মাত্র ৩ উইকেট। নিশ্চিত জয় দেখতে থাকা তাইজুল এখনই উল্লাসে ভাসতে চান না। তিনি বলেন, ‘এখনও জিতি নাই, তবে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করছি। বড় দলকে হারালে আত্মবিশ্বাস বাড়ে, দল বদলে যাওয়ার আভাস থাকে। পুরো বছর যেন এই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি। কয়টা ম্যাচ জিতব বা জিতব না জানি না, তবে বাংলাদেশকে যেন ভালো কিছু দিতে পারি। বড় দলকে হারানোর মজাই আলাদা।’

সাকিবের না থাকায় বাঁহাতি স্পিন সামলানোর ভার তার কাঁধেই। সে প্রসঙ্গে বলেন, ‘আমি আমার প্ল্যানেই থাকি। সাকিব ভাই থাকুক আর না থাকুক, আমার সাথে আরও স্পিনাররা আছে। গেম বাই গেম প্ল্যান এরকম হয়- কেউ উইকেট নিবে কেউ রান আটকে রাখবে। আমি রান আটকালে হয়ত মিরাজ বা নাঈম উইকেট পেত। যে থাকুক আর না থাকুক, আমরা ভালো খেলছি কি না এটাই জরুরী।’

শান্তর অধিনায়কত্বে এবারই প্রথম খেলছেন তাইজুল। কেমন দেখছেন জিজ্ঞাসার জবাবে বলেন, ‘ক্যাপ্টেন হিসেবে সে ভালো, অনেক ডিসিশনই নেয়। যেখানে আটকে যায় আমাদের সিনিয়র ক্রিকেটার যারা আছে, মুশফিক ভাই আছে, সৌরভ আছে, এমনকি আমাকেও বলে। যেখানে আটকে যায় সেখানে আমরা সাহায্য করার চেষ্টা করি। আর তার তো একটা নলেজ আছেই। ৫-৬ বছর ধরে খেলছে, তার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের ইয়ে (সেন্স) আছে। আমার মনে হয় সে খারাপ না, ভালো আছে।’

নিজের প্রস্তুতি সম্পর্কে তাইজুল জানান, ‘একটা জায়গায়’ বল করাই তার লক্ষ্য থাকে। কাজে লাগান এতোদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা। তবে টিপ্পনী কাটতেও ভোলেননি। মজার ছলে বলেছেন, ‘বুড়া বানায় দিয়েন না আবার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত