‘মাইরের ওপর ওষুধ নাই’ বলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ এএম

নরসিংদীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বুধবার নরসিংদী-১ সদর আসনের স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে ‘মাইরের ওপর ওষুধ নাই’ বলে বক্তব্য দেন আহসানুল ইসলাম রিমন। গত বৃহস্পতিবার রাতে নরিসংদী নির্বাচনী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার ওমর ফারুক বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন।

একই সঙ্গে রিমনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। নির্বাচনী আইন লঙ্ঘনের এ ঘটনায় তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়েছে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার রাতে এই কারণ দর্শানোর নোটিস দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদুর রহমান নাহিদ। নোটিসের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনে স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত বুধবার নরসিংদী ক্লাবে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মো. নজরুল ইসলাম (বীর প্রতীক) একটি মতবিনিময় সভা হয়। সভায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন তার বক্তব্যে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়া স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেন।

ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি বলেছেন, ‘কোনো স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই। ছাত্রলীগর কোনো পোলাপান স্বতন্ত্ররে মানত না। স্বতন্ত্ররে কেমনে পিডাইতে হয়, হেই দেখাইছে। হেরে আমরা হেমনেই পিডামো। এই শহরে, এই সদরের কোনো এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের কোনো জায়গা দেওয়া যাবে না। তারা নৌকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, তারা দেশবিরোধী।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নরিসংদীর সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা করেন। এমন বক্তব্য, হুমকি-ধমকি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করে। নির্বাচনী আইন লঙ্ঘনের এমন ঘটনা কোনোভাবেই কাম্য হতে পারে না।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, সদর থানার মামলার পরিপ্রেক্ষিতে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত