গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার নাম আসাদুজ্জামান হিরা খান (৪৫)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ জানান, শুক্রবার সকালে আসাদুজ্জামানের বুকে ব্যথা শুরু হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান। আসাদুজ্জামানকে বিস্ফোরক মামলায় গত ২৯ অক্টোবর গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরে ১০ নভেম্বর কাশিমপুর কারাগারে আনা হয়।
শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিয়ে বিকেলে ট্রেনযোগে শ্রীপুর রেলস্টেশনে এসে নামলে শ্রীপুর থানার পুলিশ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
