নড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী ও নৌকা সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ এএম

শরীয়তপুরের নড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী ও নৌকার প্রার্থী একেএম এনামুল হক শামীমের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন নড়িয়া কেদরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম তপন ছৈয়াল (৩৩), নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা (৫০), যুবলীগ নেতা সোহেল কাজী (৩৬), কনক লস্কর (৪০) ও সোহেল বন্দুকছি (৪০)।  আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাজেদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে স্বতন্ত্র প্রার্থীর দাবি, নৌকার সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়ে চারজনকে আহত করেন। আর নৌকার সমর্থকরা বলছেন দুপক্ষ কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায়। এতে তাদের একজন আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগের (নৌকা) মনোনয়ন পান পানিসম্পদ উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ একে এম এনামুল হক শামীম। আর এই আসনে স্বতন্ত্র প্রার্থী হন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলী। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিন রাতে নড়িয়া বাজারে দুপক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী বলেন, সুরেশ্বর হুজুরের বাড়িতে মিলাদে যাই। তখন শুনতে পাই নড়িয়া বাজারে আমার সমর্থক কনক ও আল আমিনের ওপর হামলা চালানো হয়েছে।

তবে, আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী একে এম এনামুল হক শামীম মুঠোফোনে বলেন, স্থানীয় কেবল ব্যবসা নিয়ে এই সংঘাত হয়।

নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, দুপক্ষ অনেক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত