দুই মিনিট দেরি

মনোনয়নপত্র জমা না নেওয়ায় সংবাদ সম্মেলন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ এএম

নির্ধারিত সময়ের মাত্র দুই মিনিট অতিবাহিত হওয়ায় মনোনয়নপত্র জমা না নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর-৬ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন।

গত বৃহস্পতিবার রাত ১০টায় হাকিমপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি তার মনোনয়নপত্র জমা নেওয়ার আবেদন জানান। অন্যথায় ন্যায়বিচার পেতে আদালতে যাওয়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মোফাজ্জল বলেন, ‘বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করি। এরপর কাগজপত্রে কিছু ত্রুটি থাকায় সেটি সংশোধনের জন্য পরদিন বৃহস্পতিবার সকালে দিনাজপুর যাই। কিন্তু সেখান থেকে ফেরার পথে আমাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি পথে নষ্ট হয়ে গেলে বিলম্ব হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ঢুকলে ৪টা ২ মিনিট বেজে যায়। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত রায় আমার মনোনয়নপত্র গ্রহণ না করে তা ফিরিয়ে দেন। নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেছে বলে সাফ জানিয়ে দেন আমাকে।’

অমিত রায় বলেন, ‘তৃণমূল বিএনপির ওই প্রার্থী মনোনয়নপত্র দাখিলের যে নির্ধারিত সময় বিকেল ৪টা পর্যন্ত ছিল সেই সময়ের মধ্যে তিনি মনোনয়ন দাখিল করতে না পারায় তার মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত