জামালপুরে বিএনপি নেতা তৃণমূলের প্রার্থী

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি হোসেন রেজা বাবু। ইতিমধ্যে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন দাবি করলেও উপজেলা বিএনপি তার পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছে।

গত বৃহস্পতিবার বিকেলে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে হোসেন রেজা বাবু সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

হোসেন রেজা বাবু বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য পদে রয়েছি। ইতিমধ্যে আমি বিএনপি থেকে পদত্যাগ করেছি।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিজয়ের বিষয়ে শতভাগ আশা করছি।’ ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘অ্যাডভোকেট হোসেন রেজা বাবু উপজেলা বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তার কোনো পদত্যাগপত্র পাইনি। বিএনপির নেতা হয়ে অন্য একটি দলের প্রার্থী হওয়ায় খুব দ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত