লিবিয়ায় গিয়ে আটকে পড়া ২৬৩ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর ঢাকা পৌঁছাবেন তারা। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র রফিকুল আলম এ কথা বলেন।
রফিকুল আলম বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।’
এ ছাড়া রোহিঙ্গারা রাখাইনে ফিরে গেলে কী কী সুযোগ-সুবিধা পাবে, সে সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রফিকুল আলম। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ-মিয়ানমার-চীনের একটি ত্রিপক্ষীয় উদ্যোগে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের কাজ চলমান রয়েছে। বাংলাদেশ মিয়ানমারে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
দুদিনের সফরে ঘানা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ৫-৬ ডিসেম্বর ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠেয় জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দেবেন। শান্তিরক্ষা মন্ত্রিপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশ প্রতিনিধিদল শান্তিরক্ষীদের সুরক্ষা ও নিরাপত্তা, তাদের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৌশলগত যোগাযোগের ওপর গুরুত্বারোপ, শান্তিরক্ষীদের মানসিক সুস্বাস্থ্য, শান্তিরক্ষা কার্যক্রমে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক ও বিভিন্ন সাইড-ইভেন্টে অংশগ্রহণ করবেন।
