জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বিধানের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে রিট আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউসুফ আলী। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি এখতিয়ারসম্পন্ন বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
আরপিওর ওই বিধান অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে চাইলে প্রার্থীর নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন এবং তাদের স্বাক্ষরযুক্ত তালিকা দাখিল করতে হয়। তবে যেসব স্বতন্ত্র প্রার্থী অতীতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের ক্ষেত্রে এ তালিকার প্রয়োজন নেই।
ইউসুফ আলী দেশ রূপান্তরকে বলেন, ‘সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে ভোটারের গোপনীয়তা রক্ষা করতে হবে। ভোটার কাকে ভোট দেবেন কাকে দেবেন না এটি একান্তই তার ব্যক্তিগত অধিকারের বিষয়। কিন্তু আরপিও এই বিধান ভোটারের সেই গোপনীয়তা নষ্ট করছে।’
