মাসসেরার লড়াইয়ে ফারজানা-নাহিদা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ এএম

দক্ষিণ আফ্রিকা সফরে থাকা বাংলাদেশ জাতীয় নারী দল এরই মধ্যে গড়েছে নতুন এক কীর্তি। বেনোনিতে প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়া নারীদের ১৩ রানে হারিয়ে পেয়েছে আফ্রিকার মাটিতে প্রথম জয়ের স্বাদ। এই সফরের আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুটো সিরিজেই জয় পায় নিগার স্কোয়াড। সেই সফরে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন ফারজানা হক ও সহ-অধিনায়ক নাহিদা আক্তার। তার স্মারক হিসেবে নারীদের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। নভেম্বরের সেরার লড়াইয়ে তাদের সঙ্গে আছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল।

গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। পরের মাসে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজও জেতে তারা। যেখানে বড় অবদান ছিল টপ অর্ডার ব্যাটার ফারজানা ও বাঁহাতি স্পিনার নাহিদার। পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারানো সিরিজে প্রায় ৩৭ গড়ে ১১০ রান করেন ফারজানা। তার সেরা ইনিংসটি ছিল ৬২ রানের। আর নাহিদার শিকার ছিল ৭ উইকেট। সিরিজ সেরার পুরস্কার জেতা এই স্পিনারের সামনে এবার আরেকটি স্বীকৃতি পাওয়ার হাতছানি। তালিকায় জায়গা পাওয়া আরেক ক্রিকেটার সাদিয়া বাংলাদেশ সফরে দুর্দান্ত ছিলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৬ উইকেট নেন এই পেসার।

বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরেকটি ঐতিহাসিক মুহূর্ত। বৈরী আবহাওয়া হতে দেয়নি প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। কিম্বারলিতে শেষ টি-টোয়েন্টিতে শুক্রবার স্বাগতিকদের হারাতে পারলে প্রথমবারের মতো সিরিজ জয়ের আনন্দে ভাসবে পুরো জাতি। 

পুরুষ ক্রিকেটারদের মধ্যে নভেম্বরের সেরা হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল এবং ভারতের মোহাম্মদ শামি। সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে এই তালিকায় জায়গা পেয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত