দশম দফার অবরোধ

পিকআপে আগুন পুড়েছে ৭ হাজার মুরগির বাচ্চা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ এএম

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দশম দফা অবরোধের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার রাজধানীতে দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া রাজধানীর বাইরে দিনাজপুরে চালবোঝাই ট্রাকে এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে মুরগির বাচ্চাবাহী পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে সাত হাজার বাচ্চা আগুনে পুড়ে গেছে। এ সময় বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এদিকে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় বিএনপির দুই নেতাসহ পঁচাজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেছেন গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৪১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, দুপুর দেড়টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে তরঙ্গ প্লাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। অন্য ঘটনায় মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সকাল ১০টার দিকে মতিঝিল দিলকুশা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস জানায়, গত ৬ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ১২টি যানবাহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা সিটিতে ছয়টি, গাজীপুর দুটি, চট্টগ্রামে তিনটি ও সিরাজগঞ্জে একটি করে যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়টি বাস, দুটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক ও তিনটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রাজধানীর সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাখাওয়াত ইসলাম রানা এবং চট্টগ্রাম হাটহাজারী এলাকা থেকে চট্টগ্রামের উত্তর মাদার্শা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এই সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে সকালে রাজধানীর শাহজাহানপুরে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকাল সাড়ে ৭টায় মিছিলটি শাহজাহানপুর মোড় থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার মোড়ে গিয়ে শেষ হয়। বৃষ্টির মধ্যে রাজধানীর ধানম-িতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া সকালে রাজধানীর শাহবাগ মোড় থেকে শুরু করে পরীবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ঢাকার পুরানা পল্টন আজাদ প্রোডাক্টসের সামনে থেকে দৈনিক বাংলা মোড়, আনসার ক্যাম্প থেকে খিলগাঁও পুলিশ ফাঁড়ি, সেগুনবাগিচা, বিশ্বরোড বাসাবো সংযোগ, ধানম-ি-২ নম্বরে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে রাজধানীর ধানম-ি সাতমসজিদ রোড এলাকায় ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবরোধের সমর্থনে গতকাল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানায় ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। দলটির অভিযোগ, গত বুধবার বিকেল ৪টা থেকে গতকাল দুপুর ১টা পর্যন্ত সারা দেশে জামায়াতের ১৫ নেতাকর্মী আটক হয়েছেন। এর মধ্যে সিলেট মহানগরী কোতোয়ালি থানার সেক্রেটারি পারভেজ আহমেদ রয়েছেন।

পরে বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, ‘অবরোধ কর্মসূচি সামনে রেখে গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৪১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ১৯টি, আসামি করা হয়েছে ২ হাজার ৪৫ জনের অধিক নেতাকর্মীকে (এজাহারনামীয়সহ অজ্ঞাত) এবং আহত হয়েছেন শতাধিক নেতাকর্মী।’

দিনাজপুর : জেলার বীরগঞ্জ উপজেলায় চালবোঝাই করা একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই নিয়ে গত ১০ দিনে ৫টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটল। বুধবার রাত ১১টায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের টেউনি ব্রিজের ওপর এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে তিনটি উপজেলায় পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে চারটি ট্রাক ও একটি বাস রয়েছে।

সিরাজগঞ্জ : শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের দুর্গাদহ ও টেটিয়ারবান্দা গ্রামের মাঝের এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে বুধবার রাত পৌনে ১০টার দিকে ব্রয়লার মুরগির বাচ্চাবাহী একটি পিকআপে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে পিকআপে থাকা ৭ হাজার ৫০টি মুরগির বাচ্চা পুড়ে মারা গেছে। এ ছাড়া দুর্বৃত্তরা পিকআপের চালক মোখলেছুর রহমানের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তারা হলেন বিএনপি নেতা নরিনা গ্রামের হাবিবর প্রামাণিকের ছেলে মো. নবী (৫০) ও বড় বাসুরিয়া গ্রামের শুকুর আলী মোল্লার ছেলে মজনু মিয়া (৪৫)। পিকআপচালক মোখলেছুর রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেছেন।

* প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন দিনাজপুর, সিরাজগঞ্জ ও শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত