দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতেছিল বাংলাদেশ নারী দল। দ্বিতীয়টি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সম্ভাবনা তৈরী হয়েছিল শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের। কিন্তু শুক্রবার ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে প্রোটিয়া নারীরা।
তিন ম্যাচ সিরিজ ১-১ এ ড্র হয়েছে। সিরিজসেরা হয়েছেন বাংলাদেশের স্বর্ণা আক্তার। সিরিজে ৫ উইকেট নেন তিনি, করেছেন ২৩ রান।
কিম্বার্লিতে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ৯৪ রান। সর্বোচ্চ ৪২ রান করেন এই সিরিজ দিয়ে দলে ফেরা লতা মন্ডল। তার ৬২ বলের ইনিংসে ছিল ২টি চার। এছাড়া স্বর্ণা আক্তার করেন ২৩ রান।
জবাব দিতে নেমে মাত্র ১৫.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক লরা উলভার্ট ৪৯ রানে অপরাজিত। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ও শরীফা খাতুন একটি করে উইকেট নেন।
