১৩৪ অস্থায়ী কর্মচারীর নিয়োগ বাতিল

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:০৫ এএম

বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সময়ে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া অস্থায়ী ১৩৪ জন কর্মচারীর নিয়োগ বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বর্তমান মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীদের নিয়োগ বাতিল করেন। আগামী রবিবার আরও ৫১ জনের নিয়োগ বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার।

এ-সংক্রান্ত একটি নোটিস সিটি করপোরেশনের বোর্ডেও টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আরও ৫১ কর্মচারীকে মোবাইল ফোনের মাধ্যমে কর্মস্থলে আসার জন্য নিষেধ করা হয়েছে। তারা প্রশাসন, হাটবাজার, পরিচ্ছন্নতা, ভা-ার, বিদ্যুৎ সম্পত্তি, জন্মনিবন্ধন, প্রকৌশল, সিটি নিরাপত্তা, কর আদায়, সম্পত্তি, বাণিজ্য, জনসংযোগসহ কয়েকটি শাখায় কর্মরত ছিলেন।

মাসুমা আক্তার বলেন, প্রয়োজনের চেয়ে দ্বিগুণ কর্মচারী রয়েছে। আর এসব কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া। নিয়োগ দেওয়ার সময় শর্ত ছিল যখন ইচ্ছা কর্তৃপক্ষ তাদের চাকরি বাতিল করতে পারে। তাই ১৩৪ জনের নিয়োগ বৃহস্পতিবার সন্ধ্যায় বাতিল করা হয়েছে। বাকি ৫১ জনের নিয়োগ রবিবার বাতিল করা হবে।

সিটি করপোরেশনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া শহিদুল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মী বলেন, ‘দুই মাস চাকরি করেছি। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরভবনে গেলে প্রশাসনিক কর্মকর্তা জানিয়ে দেন আর আসতে হবে না। আমাকে এক মাসেরও বেতন দেওয়া হয়নি।’

প্রশাসনিক শাখায় কর্মরত অফিস সহকারী তাজাম্মুল ইসলাম বলেন, ‘নভেম্বর মাসের ১ তারিখ চাকরিতে যোগদান করেছি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস করেছি। এরপর জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত