ঠাকুরগাঁওয়ে অস্বাভাবিক হারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি করে বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে সাত দিনের জেল ও চার ব্যবসায়ীকে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের গোবিন্দনগর কাঁচাবাজার আড়ত এবং কালীবাড়ি বাজারে অভিযান চালিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন এ আদেশ দেন।
এ সময় তিনি বলেন, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে আড়তের নুর জামাল এবং মো. মামুন নামে দুই পাইকারি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাত দিন করে বিনাশ্রম কারাদ- এবং কালীবাড়ি বাজারের খুচরা ব্যবসায়ী মো. পারভেজ, মোশারুল ইসলাম, বাপ্পা এবং আব্দুল হামিদকে জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে পেঁয়াজের দাম বৃদ্ধি করে ফায়দা লুটছে। এজন্য জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে গতকাল শনিবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ের আড়তগুলোতে প্রতি কেজি পেঁয়াজ ২০০ এবং খুচরা ২২০ টাকা দরে বিক্রি হচ্ছিল।
