রংপুরের পীরগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পীরগঞ্জ পৌরসভার সরকার জুয়েলার্সে সংগঠিত দুর্ধর্ষ চুরির স্বর্ণালংকারসহ চোরাই বৈদ্যুতিক তিনটি ট্রান্সফরমার উদ্ধার করেছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, গত শুক্রবার বাবনপুর গ্রামের বৈদ্যুতিক পিলার থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন পার্শ্ববর্তী দিনাজপুর জেলার নবাবগঞ্জের উত্তর বোয়ালমারী গ্রামের একরামুল। এ সময় চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চোরাই তিনটি ট্রান্সফরমারসহ তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এর আগে গত ১৮ নভেম্বর গভীর রাতে পীরগঞ্জ প্রেস ক্লাবসংলগ্ন সরকার জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এ চুরির ঘটনায় জড়িত মূলহোতা সিরাজগঞ্জের দুককা কাদের ওরফে রফিকুল ইসলামকে অন্য অভিযানে গাজীপুর থেকে আটক করে থানা পুলিশ।
পুলিশ জানায়, সরকার জুয়েলার্সের স্বত্বাধিকারী পীরগঞ্জ থানায় মামলা করলে পুলিশ চোরের সন্ধানে নেমে বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করে। পরে উদ্ধার করা হয় চুরির টাকা, ১৬ ভরি ৪ আনা স্বর্ণালংকার ও ৯০ ভরি রুপার অলংকার উদ্ধার করে।
পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ দুজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
