মুন্সীগঞ্জে ভবনে বিস্ফোরণে নিহত এক, দগ্ধ ৩ 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০২:০০ এএম

মুন্সীগঞ্জ শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে একই পরিবারের এক বৃদ্ধা নিহত এবং শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ইদ্রাকপুর এলাকার আকবর হোসেনের পাঁচতলা ভবনের পঞ্চমতলার ভাড়াটিয়া মো. রিজভী আহমেদ রাসেলের ফ্ল্যাটে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ রিজভী আহমেদ রাসেল (৪৫), তার স্ত্রী রোজী বেগম (৩০), মা শাহেদা বেগম (৬৫) ও আড়াই বছরের ছেলে মো. রাইয়ানকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহেদা বেগমের মৃত্যু হয়।

দগ্ধ রিজভী আহমেদ রাসেল মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের কর্মকর্তা। তার মায়ের মৃত্যুর তথ্য জানান মহিলাবিষয়ক অধিদপ্তরের মুন্সীগঞ্জ কার্যালয়ের উপপরিচালক আলেয়া ফেরদৌসী।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়ির লোকজনের ঘুম ভেঙে গেলে তারা রিজভী আহমেদ রাসেলের ফ্ল্যাটে আগুন দেখতে পান। তাদের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আকস্মিক এ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত করা না গেলেও ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, বৈদ্যুতিক ত্রুটি বা ইলেকট্রনিক কোনো ডিভাইস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।

তবে এই বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। সরেজমিনে ভবনটি জুড়েই বিস্ফোরণের ক্ষতচিহ্ন চোখে পড়ে। সকাল ৮টার দিকে ওই ভবন ঘিরে কৌতূহলী মানুষের ভিড় দেখা যায়। ভবনের সিঁড়ি দিয়ে উঠতেই বিস্ফোরণের নমুনা চোখে পড়ে। ভবনের দোতলা থেকে শুরু করে সব ফ্ল্যাটের দরজা-জানালা ভেঙে গেছে। ফ্ল্যাটের বাসিন্দাদের চোখে-মুখে আতঙ্কের ছাপ। ভবনের পাঁচতলায় গিয়ে দেখা যায় ১২ নম্বর ফ্ল্যাটের সবকিছু আগুনে ঝলসে আছে। যে কক্ষে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে সেটির মেঝের টাইলস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।

ভবনমালিক আকবর হোসেন জানান, তার বাড়ি জেলা সদরের রামশিং গ্রামে। পরিবার নিয়ে তিনি গ্রামের বাড়িতেই বসবাস করেন। শহরের ইদ্রাকপুর এলাকার পাঁচতলা ভবনটির কাজ সম্প্রতি শেষ হয়। সপ্তাহ দুয়েক আগে থেকে তার ভবনে ভাড়াটিয়া আসতে শুরু করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু ইউসুফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি অথবা কোনো যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

কোনো বিস্ফোরক দ্রব্য বা গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে কি না জানতে চাইলে আবু ইউসুফ বলেন, ‘আমরা বিস্ফোরক অথবা গ্যাসের কোনো আলামত পাইনি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত