রোহিদাসকে ভারতে পাঠানোর নির্দেশ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৩৯ এএম

অনুপ্রবেশের অভিযোগে তিন মাস সাজার খাটা শেষ হলেও ভারতের ত্রিপুরার যুবক কারাগারে আছেন প্রায় দেড় বছর ধরে। অবশেষে মুক্তি মিলছে তার। এ নিয়ে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই যুবককে তার নিজ দেশে পাঠানোর ব্যবস্থার নির্দেশ দিয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। আইনজীবীদের তথ্য মতে, গত বছরের ৩ জুন ভারতের ত্রিপুরার উনকুঠি জেলার কৈলাশহর থানার পশ্চিম গোবিন্দপুরের বাসিন্দা রোহিদাস সরকার অবৈধ অনুপ্রবেশ করে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিজিবির হাতে আটক হন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলার পর গত বছরের ২৯ সেপ্টেম্বর মৌলভীবাজারের একটি আদালত রোহিদাসকে তিন মাসের কারাদ- ও ২ হাজার টাকা অর্থদ- দেয়। অ্যাডভোকেট বিভূতি তরফদার দেশ রূপান্তরকে বলেন, হাইকোর্ট তার আদেশে রোহিদাসকে ভারতে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত