দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। গতকাল সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেয়।
আদেশের সময় হাইকোর্ট বলে, ‘সবকিছু বিবেচনা করে আমরা রুল দিচ্ছি না। মামলাটি সরাসরি খারিজ করা হলো।’ আদালত এ সময় রিটকারী আইনজীবী ইউনূস আলী আকন্দের উদ্দেশে বলে, ‘১৮ কোটি মানুষের যা লাভ হয়, সেসব বিষয়ে রিট করবেন। দেশটাকে বাঁচান, জুডিশিয়ারিকে বাঁচান।’
রিট আবেদনের ওপর গত ৪ ডিসেম্বর শুনানি নিয়ে ১০ ডিসেম্বর আদেশের জন্য ধার্য করেছিল হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চ।
গত ১৫ নভেম্বর নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। নির্বাচন পেছাতে গত ২৮ নভেম্বর ইসিসহ সংশ্লিষ্টদের আইনি নোটিস দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। জবাব না পেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।
আবেদনের যুক্তিতে আইনজীবী তখন বলেন, ইসি যথাযথ প্রস্তুতি ছাড়াই নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছেন না। নির্বাচনকালীন সরকার ছোট করার কথা থাকলেও সেটি হয়নি। সংবিধান অনুযায়ী, নির্বাচন করতে এখন থেকে আরও পাঁচ মাস সময় আছে। কেননা ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, দৈব দুর্বিপাকের কারণে নির্ধারিত সময়ের পরও তিন মাসের মধ্যে নির্বাচন করা যায়। আবেদনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রুলের আরজি জানিয়ে রুল নিষ্পত্তি পর্যন্ত তফসিল স্থগিতের নির্দেশনা চান আইনজীবী।
এরই ধারাবাহিকতায় আবেদনটির ওপর শুনানি হয়। আবেদনের পক্ষে অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। ইসির পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।
