নানা জটিলতা পেরিয়ে অবশেষে দেশে মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত প্রথম সিনেমা ‘মানুষ’। সিনেমাতে বিদ্যা সিনহা মিমের সঙ্গে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ।
আগামী ১৫ ডিসেম্বর এটি আসছে প্রেক্ষাগৃহে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার ও চিত্রনায়িকা মিম নিজেই। দেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ করে দিচ্ছে নির্মাতা অনন্য মামুনের প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত মিম।
তার কথায়, ‘এটা সত্যি খুশির খবর আমার জন্য। তাছাড়া ভারতের ৭ শতাধিক সিনেমাহলে ‘মানুষ’ মুক্তি পেয়েছে। দর্শকদের দারুণ প্রতিক্রিয়া পাচ্ছি। এমন সাফল্য ‘মানুষ’ টিমকে গর্বিত করছে। একজন শিল্পী হিসেবে এটাই আমার তৃপ্তির জায়গা। আমার মনে হয় এই ধারাবাহিকতা দেশের প্রেক্ষাগৃহেও থাকবে। কারণ দর্শকরা ভালো গল্প দেখতে চায়। এই সিনেমাটিতেও মানুষের গল্প রয়েছে।’
এই নায়িকা আরও বলেন, ‘আমি প্রথম থেকেই চেয়েছিলাম সিনেমাটি দেশের মানুষ দেখুক। অবশেষে সেই আশা পূরণ হচ্ছে। দেশের দর্শকরা সিনেমাটি বেশ উপভোগ করবেন এটাই আমার বিশ্বাস।’
অভিনয়ের পাশাপাশি ‘মানুষ’ সিনেমার প্রযোজকও জিৎ। সিনেমায় আরও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ।
