শিল্পকলার সামনে আফগান তরুণীর ব্যাগ ছিনতাই

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম

চট্টগ্রামে আফগান তরুণীর ব্যাগ ছিনতাইয়ের ৩৫ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মো. সজীব (৩০) নামের যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরের গোলপাহাড় মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সজীব নগরের ঝাউতলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

গত সোমবার (১১ ডিসেম্বর) রাতে নগরের চকবাজার থানার দামপাড়া এম এম আলী সড়কে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ঘটনার শিকার আফগান তরুণীর নাম ফাতেমা শরীফি। তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের অনার্সের শিক্ষার্থী।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর জানান, ফাতেমা শরীফি রিকশায় করে শিল্পকলা একাডেমির সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে যাচ্ছিলেন। ক্যাম্পাসের অদূরে এক ছিনতাইকারী তাকে ভয়ভীতি দেখিয়ে হাতব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে মোবাইল ফোন, নগদ টাকা ও শিক্ষার্থী পরিচয়পত্র ছিল। ছিনতাইয়ের শিকার ছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সজীবকে শনাক্ত করা হয়। গোলপাহাড় মোড়ে ওয়াসা অফিসের পাশ থেকে সজিবকে গ্রেপ্তার করা হয়। সে  নিয়মিত মাদক সেবন করে। সুযোগ বুঝে চুরি ও ছিনতাই করে। সজিব পেশাদার ছিনতাইকারী তার বিরুদ্ধে আগের দুটি মামলা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত