রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খুলছিল দুর্বৃত্তরা, এলাকাবাসী এগিয়ে এসে রক্ষা করল সীমান্ত এক্সপ্রেস

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম

নীলফামারীর ডোমারে রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করছিল দুর্বৃত্তরা। কিন্তু এলাকাবাসীর প্রতিরোধে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা গ্রামের প্রধানপাড়া দোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ডোমার-চিলাহাটি পথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

এলাকাবাসী জানায়, রাতে ওই এলাকায় রেললাইনের লোহা খোলার শব্দ শুনতে পায় স্থানীয়রা। লাইট নিয়ে এগিয়ে গেলে দেখা যায়- একদল দুষ্কৃতকারী রেললাইনের ফিশপ্লেট পিন খুলছে। লোকজন ধাওয়া করলে পালিয়ে যান তারা।

গ্রামবাসী রাজেশ্বর রায় বলেন, ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এসময় ঘটনাস্থলে তিন থেকে চারশ মানুষ উপস্থিত ছিলেন। তারা সকলে বিভিন্নভাবে সংকেত দিলে ট্রেনটি থেমে যায়। এতে করে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন বলেন, ‘এলাকাবাসীর ধাওয়ায় দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৭২ পিস ফিশপ্লেট ক্লিপ উদ্ধার করা হয়। এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত করলে প্রায় দেড় ঘণ্টা পর খুলনার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।’

জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখোয়াত হোসেন বাবু বলেন, ‘ঘটনাটি আমার ইউনিয়নের সীমানায় ঘটেছে। আমি গিয়ে রেললাইনের বিভিন্ন স্থানে ফিশপ্লেট ক্লিপ খোলা দেখেছি। এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।’

নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, লাইন মেরামতের পর প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র একপ্রেস টেনটিও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার স্টেশনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত