যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত জি কে শামীমের জামিন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:০৭ এএম

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিতর্কিত ঠিকাদার ও যুবলীগের কথিত নেতা এস এম গোলাম কিবরিয়া (জি কে) শামীম ওরফে জি কে শামীমকে জামিন দিয়েছে উচ্চ আদালত। গতকাল বুধবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেয়। ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিকেতনে অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেহরক্ষীসহ জি কে শামীমকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে দুইশ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র, মাদক, অর্থ পাচার ও দুর্নীতির মামলায় আসামি করা হয় জি কে শামীমকে।

গত বছরের ২৫ সেপ্টেম্বর অস্ত্র মামলার রায়ে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন সাজার রায় দেয় ঢাকার একটি আদালত। এ ছাড়া অর্থ পাচারের মামলায় গত ১৭ জুলাই জি কে শামীমকে ১০ বছর এবং তার দেহরক্ষীদের চার বছর করে কারাদন্ড দেওয়া হয়।

জি কে শামীমের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী বি এম ইলিয়াস কচি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত