জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউপি চেয়ারম্যানের মালিকানাধীন অবৈধ ট্রাক্টরের চাপায় প্রাণ গেছে মোহাম্মদ আলী (১) নামে এক শিশুর। এ ঘটনা ধামাচাপা দিতে শিশুটির মরদেহ সড়কের পাশে ইটের স্তূপের নিচে রেখে যায় ট্রাক্টরের চালক ও সহযোগীরা। গতকাল শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কুলকান্দি ইউনিয়নের কুলকান্দি ছড়াবাতা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু মোহাম্মদ আলী ও তার বড় ভাই শিশু আবু বক্কর। এ সময় বালুবোঝাই একটি ট্রাক্টর শিশু মোহাম্মদ আলীকে চাপা দেয়। এ ঘটনা দেখে ভয়ে বড় ভাই আবু বক্কর পালিয়ে গেলে শিশুটির মরদেহ পাশেই একটি ইটের স্তূপের নিচে রেখে যায় ট্রাক্টরচালক ও তার সহযোগীরা। পরে আবু বক্কর বিষয়টি পরিবারের লোকজনকে জানালে শিশুটির ছিন্নবিচ্ছিন্ন মরদেহ ইটের নিচে থেকে তোলা হয়।
