বিজয়ের দিন বিএসএফের গুলি, আহত ৩

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ এএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু পারাপারকারী (ডাঙ্গোয়াল) গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার ভোরে উপজেলার দৈইখাওয়া বিওপি ক্যাম্পসংলগ্ন সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপারের সময় তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে তারা আহত হন বলে জানা গেছে।

আহতরা হলেন হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দুগুড়ি এলাকার বাসিন্দা শ্রী সুজন (২১) এবং গেন্দুগুড়ি বিলুপ্ত ছিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)। পায়ে গুলিবিদ্ধ আহত দুই চোরাকারবারিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অন্যজন অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন দৈইখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. বশির উল্লাহ বলেন, উপজেলার দৈইখাওয়া বিওপি এলাকার সীমান্ত পিলার থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বান্নিগড়া নামক স্থানে ঘন কুয়াশার মধ্যে ভোরে এক দল বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপার করছিল। এ সময় ভারতীয় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি ছুড়ে। এতে বাংলাদেশি তিন চোরাকারবারির মধ্যে দুজন পায়ে ও একজন হাতে গুলিবিদ্ধ হন। এ সময় তাদের অন্য সঙ্গীরা পালিয়ে যায়।

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু পারাপারকারী আহতের বিষয়টি শুনেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত