গাজীপুরে ৪৮ দিন পর বিএনপি অফিসে সভা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ এএম

৪৮ দিন পর গাজীপুর জেলা বিএনপির কার্যালয় খোলা হয়েছে। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির ‘মহাসমাবেশ প-’ হওয়ার পর থেকে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ছিল সম্পূর্ণ বন্ধ। গ্রেপ্তার আতঙ্কে দলীয় কোনো নেতাকর্মীকে কার্যালয়ে আসতে দেখা যায়নি।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন গতকাল শনিবার কার্যালয়ে আসেন দলীয় নেতাকর্মীরা।

বিএনপির নেতারা জানান, সকালে শহরের রাজবাড়ী সড়কের দলীয় কার্যালয়ে আসেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তিনি মহানগর বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

শিক্ষাবিদ ও গাজীপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ড. শহিদুজ্জামানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র বিএনপি নেতা আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহ, তাজুল ইসলাম ব্যাপারী, আব্দুস সাত্তার, নবীন হোসেন, মনির হোসেন, আনোয়ার হোসেন সরকার, আতিক উল্লাহ মিন্টু, নাজমুল আলম মিটু প্রমুখ।

সদর থানা পুলিশের নিষেধের কারণে মাইক ছাড়াই আলোচনা অনুষ্ঠান করে মহানগর বিএনপি।

এদিকে অনুষ্ঠানের আগে শুক্রবার রাতে সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়াসহ বিএনপির ৪২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

হাসান সরকার বিজয় দিবসের অনুষ্ঠানে মাইক ব্যবহারের অনুমতি না দেওয়া এবং অনুষ্ঠানের আগের রাতে ৪২ জন দলীয় নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, ‘মিথ্যা ও খারাপি দিয়ে রাজনীতি করা যায় না। এমন কিছু করবেন না, যাতে মৃত্যুর পর মানুষ আপনার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবর দেখে থুতু দেয়। বরং কবর দেখে মানুষ যাতে দুহাত তুলে দোয়া করে এমন কিছু করে যাওয়া উচিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত