কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহর মৃত্যুর কারণে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তার সম্মানার্থে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা পূর্বঘোষিত সোমবারের হরতাল এক দিন পিছিয়ে আগামীকাল মঙ্গলবার পালনের ঘোষণা দিয়েছে দলগুলো। গতকাল রবিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতাল এক দিন পিছিয়ে দেওয়ার কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সমমনা দলগুলো গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল এক দিন পেছানোর কথা জানিয়েছে।
শোকবইয়ে স্বাক্ষর : এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও দলটির চেয়ারপারসনের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা এনামুল হক গতকাল সকালে গুলশানে কুয়েত দূতাবাসে যান। সেখানে দূতাবাসে খোলা শোকবইয়ে তারা স্বাক্ষর করেন।
উল্লেখ্য বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে নজরুল ইসলাম খান কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, ‘প্রাপ্ত তথ্য অনুুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৮০ জনের অধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া মামলা হয়েছে ৪টি, এতে আসামি করা হয়েছে ৩৯৬ জনের অধিক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত) এবং আহত হয়েছেন ১০ জনের অধিক নেতাকর্মী।’
বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, ‘গত ১৪ ডিসেম্বর বগুড়া জেলাধীন কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন হৃদয় (মেম্বার) এবং একই উপজেলাধীন বীরকাদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কাহালু উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ গতকাল পর্যন্ত তাদের থানা কিংবা আদালতে তোলা হয়নি। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং গ্রেপ্তার নেতাদের থানা কিংবা আদালতে তোলার অনুরোধ করছি।’ তিনি বলেন, ‘নেতাকর্মীদের গ্রেপ্তার ও তাদের খোঁজ না দেওয়ার ঘটনা আতঙ্কজনক।’
গত শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আজ ১৮ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিলেন রিজভী। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
