নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকার একটি বাড়ির তৃতীয়তলায় শনিবার গভীর রাতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য গতকাল রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন, সুলতান মিয়া (৬২) ও তার স্ত্রী শাহিদা খাতুন (৫০), ছেলে স্থানীয় গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুলের শিক্ষক নবী হোসেন (২৯) এবং ছোট ছেলে অটোরিকশার মেকানিক আলী হোসেন (২৭)।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, ‘গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমা হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি। বিস্তারিত পরে বলা যাবে।’
দগ্ধ নবী হোসেন জানান, চারতলা বাড়িটির তৃতীয়তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তারা। প্রতি রাতেই তার ছোট ভাই আলী হোসেন কাজ শেষ করে বাসায় ফিরে গরম পানি করে গোসল করেন। শনিবার রাতেও সে বাসায় ফিরে পানি গরম করার জন্য রান্নাঘরে যান। সেখানে গিয়ে আগুন জ¦ালাতেই বিস্ফোরণ হয়। এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় থাকা তার বাবা-মা, তিনি ও রান্নাঘরে থাকা তার ছোট ভাইয়ের শরীরে আগুন ধরে যায়। পরে নিজেরাই বাসা থেকে দৌড়ে বাইরে বের হন। পরে প্রতিবেশীরা তাদের শরীরের আগুন নিভিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। গতকাল ভোরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে আসা হয়।
ঢামেক পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, শাহিদা খাতুনের শরীরের ৫৩ শতাংশ, নবীর ২২ ও আলীর ২০ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনকে ভর্তি রাখা হয়েছে। আর সুলতান মিয়ার শুধু মুখম-লে সামান্য দগ্ধ হয়েছে। তাকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
