গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের বনখড়িয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনে নাশকতার ঘটনায় জড়িত অভিযোগে বিএনপির বহিষ্কৃত নেতা গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘটনার মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপির বহিষ্কৃত নেতা মো. হাসান আজমল ভূঁইয়া (৫০), সদর থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সোহেল রানা (৩৮), জান্নাতুল ইসলাম (২৩) রফিকুল ইসলাম, মেহেদী হাসান (২৫), জুলকার নাইন আশরাফি ওরফে হৃদয় (৩৫), শাহানুর আলম (৫৩) ও মো. সাইদুল ইসলাম (৩২)।
পুলিশ কমিশনার বলেন, সরকারের বর্তমান নির্বাচনী কার্যক্রমকে বিতর্কিত করা, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিরাজমান রাষ্ট্রীয় সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করা, জনমনে ভীতির সঞ্চার করা এবং দেশ ও বিদেশে ব্যাপক মিডিয়া কাভারেজ পেতে গাজীপুরে রেললাইন কেটে নাশকতা করে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনার দুদিন আগে কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়ার বাসায় পরিকল্পনা করে গ্রেপ্তারকৃতরা।
