দেশে ডেঙ্গুতে আরও চারজন মারা গেছে। তাদের মধ্যে একজন ঢাকায় ও তিনজন ঢাকার বাইরে মারা যায়। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন মৃত্যু নিয়ে দেশে এ বছর ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ১ হাজার ৬৮৬ জনে।
এ বছর ডেঙ্গুতে মৃত্যুর ৫৭ শতাংশই নারী, বাকি ৪৩ শতাংশ পুরুষ। অর্থাৎ নারী মারা গেছে ৯৬৪ ও পুরুষ ৭২২ জন। অথচ পুরুষের তুলনায় নারী আক্রান্তের হার কম। এখন পর্যন্ত মোট রোগীর ৪০ শতাংশ নারী ও পুরুষ ৬০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ঢাকায় মারা গেছে ৯৭১ জন, যা মোট মৃত্যুর ৫৮ শতাংশ। বাকি ৬২ শতাংশ বা ৭১৫ জন মারা গেছে ঢাকার বাইরে। সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে ১ হাজার ১৫৩ জন, যা মোট মৃত্যুর ৬৮ শতাংশ। এর মধ্যে ঢাকা মহানগরীতে মারা গেছে ৯৭১ জন, যা ঢাকা বিভাগের মোট মৃত্যুর ৮৪ শতাংশ। বাকি ১৬ শতাংশ বা ১৮২ জন মারা গেছে ঢাকার অন্যান্য জেলায়।
এরপর ডেঙ্গুতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে ২০০, খুলনায় ১২৪ ও চট্টগ্রামে ১২৩ জনের। এ ছাড়া রাজশাহী বিভাগে ৬০, ময়মনসিংহে ১৫, রংপুরে ১০ ও সিলেটে ১ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় আরও ২৩৯ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১৭৪ ও ঢাকায় ৬৫ জন। এ নিয়ে এই বছর রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ১৯ হাজার ৪৭৫ জন। তাদের মধ্যে ঢাকার বাইরে রোগী ২ লাখ ৯ হাজার ৮৯৯ ও ঢাকায় ১ লাখ ৯ হাজার ৫৭৬ জন।
