ফেনীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহ-সভাপতি শমী কায়সার এবং কমেডিয়ান হারুন কিসিঞ্জার।
বুধবার (২০ ডিসেম্বর) ফেনী-১ ও ফেনী-২ আসনে পৃথক প্রচারণায় অংশ নেন তারা। এ সময় নৌকা মার্কায় ভোট চান দুজনে।
ফেনী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমর্থনে আয়োজিত মহিলা সমাবেশে শমী কায়সার বলেন, এমন লোকই নৌকার মাঝি হওয়া দরকার, যার মানুষের জন্য উপকার করার মন আছে। এই আসনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ওই মন আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনাকে নৌকা মার্কা দিয়েছেন।
তিনি আরও বলেন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নির্বাচিত হলে এই এলাকায় এমন উন্নয়ন হবে, যা সারাদেশের মানুষ চেয়ে দেখবে। আমি এমনটা বিশ্বাস করি।
পরশুরাম চিথলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসরিন সুলতানার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিমের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান আজাদ, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন তুহিনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন শমী কায়সার। আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন। কিন্তু নির্বাচনের মনোনয়ন পাননি তিনি।
এদিকে, মঙ্গলবার রাতে ফেনী-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর নির্বাচনী প্রচারের অংশ হিসেবে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শহরের মাষ্টারপাড়াস্থ লমী হাজারী বাড়ির নির্বাচনী প্রচারণা মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়ে নৌকা মার্কায় ভোট চান কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার।
