বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার দুপুর ১২টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর অনিল কুমারের হাতে মিষ্টি তুলে দিয়ে বিজিবি দিবসের শুভেচ্ছা জানান। সেই সঙ্গে উভয় বাহিনীর পক্ষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম জানান, দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী আমরা একে অপরকে উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।
