রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০২২-২৩ সেশনের (৮ম ব্যাচ) শিক্ষার্থীদের কারিকুলাম হঠাৎ করেই পরিবর্তন করা হয়েছে। তাই আগের কারিকুলাম পুনর্বহালের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ৮ম ব্যাচের শিক্ষার্থীরা।
গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কারিকুলাম পরিবর্তন করে শিক্ষার্থীদের সমস্যায় ফেলে দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রায় তিন মাস ক্লাস করার পর কারিকুলাম পরিবর্তন করায় সেশনজট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের আগের কারিকুলার আন্তর্জাতিক মানের ছিল। কিন্তু পরিবর্তন করায় সেই কারিকুলামের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। এ বিষয়ে জানতে চাইলে আইবিএর পরিচালক অধ্যাপক জিন্নাত আরা বেগম বলেন, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কারিকুলামে কোনো পরিবর্তন আনা হয়নি। শুধু তাদের মিড-টার্ম পরীক্ষাটা নেওয়া হবে না আর, সব ঠিকই আছে।
