নেইমার ও চোট, যেন একে অন্যের সঙ্গী। সবশেষ গেল ১৭ অক্টোবর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন নেইমার। সেই চোটের কারণেই আগামী বছর কোপা আমেরিকাতে খেলতে পারবেন না তিনি।
নেইমারের সেদিনের চোটের পরই বোঝা যাচ্ছিল বড় দুঃসংবাদ আসতে পারে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়েছে। গেল ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তেতে অস্ত্রোপচার করান; এর পর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। তবে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন, ‘কোপা খুব কাছেই। পুনর্বাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপ পার না করে তাড়াহুড়ো করা এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। আমাদের প্রত্যাশা হচ্ছে, সে ২০২৪ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে, মানে আগস্টে মাঠে ফেরার জন্য পুরোপুরি ফিট হবে।’ যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু হবে ২০২৪ সালের ২০ জুন, শেষ হবে ১৪ জুলাই। চোটে ২০১৯ কোপা আমেরিকাও নেইমার খেলতে পারেননি।
