দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনই ঢাকায় ও একজন ঢাকার বাইরে মারা গেছে। ঢাকায় মৃত্যুর এই সংখ্যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৩ ডিসেম্বর ঢাকায় সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছিল। সেদিন ডেঙ্গুতে মারা যায় সাতজন।
এ নিয়ে এই বছর ডেঙ্গুতে ১ হাজার ৬৯২ জন মারা গেল। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে ৯৭৫ জন, যা মোট মৃত্যুর ৫৮ শতাংশ। বাকি ৪২ শতাংশ বা ৭১৭ জন মারা গেছে ঢাকার বাইরে। মোট মৃত্যুর ৫৭ শতাংশ বা ৯৬৬ জন নারী। বাকি ৭২৬ জন বা ৪৩ শতাংশ পুরুষ। কিন্তু রোগীদের মধ্যে বেশি পুরুষ ৬০ শতাংশ ও নারী ৪০ শতাংশ। এ বছর মৃত্যুহার শূন্য দশমিক ৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭২ শতাংশ বা ১৫০ জন ঢাকার বাইরের ও ২৮ শতাংশ বা ৫৭ জন ঢাকার রোগী।
এ নিয়ে এই বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ১৯ হাজার ৮৭৮ জন। তাদের মধ্যে ৬৬ শতাংশ বা ২ লাখ ১০ হাজার ২০৫ জন ঢাকার বাইরের ও ৩৪ শতাংশ বা ১ লাখ ৯ হাজার ৬৭৩ জন ঢাকার রোগী।
এ মাসের গত ২০ দিনে ডেঙ্গুতে ৭০ জন মারা গেছে ও হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৯৮৭ জন। এ বছর সর্বোচ্চ ৭৯ হাজার ৫৯৮ রোগী ছিল সেপ্টেম্বরে। সে মাসে মৃত্যুও ছিল সর্বোচ্চ ৩৯৬ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ রোগী ছিল আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন ও মৃত্যু অক্টোবরে ৩৫৯ জনের।
এরপর অক্টোবরে ডেঙ্গু রোগী ছিল ৬৭ হাজার ৭৬৯ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৫৪, নভেম্বরে ৪০ হাজার ৭১৬, এ মাসের ২০ দিনে ৭ হাজার ৯৮৭, জুনে ৩৪, মে’তে ১ হাজার ৩৬, জানুয়ারিতে ৫৬৬, ফেব্রুয়ারিতে ১৬৬, এপ্রিলে ১৪৩ ও মার্চে ১১১ জন।
এ বছর আগস্টে ডেঙ্গুতে মারা গেছে ৩৪২ জন, নভেম্বরে ২৭৪, জুলাইয়ে ২০৪, জুনে ৩৪, জানুয়ারিতে ৬, ফেব্রুয়ারিতে ৩ এবং এপ্রিল ও মে’তে ২ জন করে মারা যায়। বছরের মার্চ ছিল মৃত্যু শূন্য মাস।
