ঢাকা মহানগর পুলিশের তথ্যসেবা উন্নতিকরণ ও নিরাপত্তাব্যবস্থা সুদৃঢ় করতে ওয়্যারলেস অপারেটিং সিস্টেম অ্যানালগ হতে ডিজিটাল সিস্টেমের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ থেকে আবদুল গনি রোডের ডিএমপি কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলে তিনি এ ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের শুভ উদ্বোধন করেন।
এ সময় কমিশনার বলেন, ডিএমপিতে কিছু বেতারযন্ত্র অ্যানালগ ও কিছু বেতারযন্ত্র ডিজিটাল ছিল। অ্যানালগ থাকার কারণে কিছু তথ্য অন্য কারোর হাতে চলে যেত। বিষয়টি নজরে এলে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়।
কমিশনার বলেন, এখন থেকে সকল বেতারযন্ত্র ডিজিটাল হওয়ার কারণে এই সিস্টেমে কেউ ইন্টারসেকশন করতে পারবে না। কোনো সেট ব্যবহারকারী বা কোনো কর্মকর্তা এই সেটের মাধ্যমে তথ্য ফাঁস করলে তা এই সিস্টেমে ধরা পড়ে যাবে।
এ সময় ওয়্যারলেস ব্যবহারকারী ও সব কর্মকর্তাকে সচেষ্টভাবে এ প্রযুক্তি ব্যবহার করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
