চেক প্রজাতন্ত্রের বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ১৫

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৮ এএম

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কেন্দ্রস্থলে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও ‘কয়েক ডজন’ মানুষ আহত হয়েছে। শহরটির জ্যান পালাস স্কয়ারে চার্লস বিশ্ববিদ্যালয় আটর্স ফ্যাকাল্টিতে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, গোটা পালাস স্কয়ারসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, এই হামলার বিষয়ে একটি ইমেইলে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। চার্লস বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি ফ্যাকাল্টির এক স্টাফের কাছে পাঠানো এমন একটি ইমেইল দেখেছে রয়টার্স। তাতে লেখা ছিল, ‘যেখানে আছেন সেখানেই থাকুন। কোথাও যাবেন না। যদি অফিসে থাকেন তাহলে সেটি বন্ধ রাখুন, তালা দিন। আসবাবপত্র দরজার সামনে রাখুন, বাতি নিভিয়ে দিন।’

শহরটির পুলিশ বলছে, বন্দুকধারীদের নির্মূল করা হয়েছে এবং যে ভবনে হামলা হয়েছে সেটি খালি করা হচ্ছে।

বিবিসি জানায়, চার্লস বিশ্ববিদ্যালয়টি প্রাগের ওল্ড টাউনে অবস্থিত। আকর্ষণীয় পর্যটনস্থল ঐতিহাসিক চার্লস ব্রিজ থেকে ৫০০ মিটারের মধ্যে এর অবস্থান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত