রাজধানীর কামরাঙ্গীরচরে অজ্ঞাত ব্যক্তির লাঠির আঘাতে এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। মতিউর রহমান খান (৫০) নামে ওই পুলিশ কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় ৮টি সেলাই করা হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে কামরাঙ্গীরচর সেকশন বেড়িবাঁধ চৌরাস্তার ঢালে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে।
লালবাগ ট্রাফিক জোনের সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, দুপুরে বেড়িবাঁধ এলাকায় ডিউটিরত ছিলেন তারা। বেড়িবাঁধের ঢালে এক দোকানদারের কাছ থেকে পান কিনে খাচ্ছিলেন মতিউর। এমন সময় পেছন থেকে কেউ একজন এসে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে তার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। খবর পেয়ে মতিউর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় ৮টি সেলাই করেন চিকিৎসকরা। এরপর তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, কে তাকে পেছন থেকে আঘাত করেছে তা মতিউর নিজেও দেখতে পারেননি। তার সঙ্গে আজ কারও কোনো ধরনের তর্কাতর্কিও হয়নি। ঘটনাস্থলেই সেই স্টাম্পটি রেখে পালিয়ে গেছে ঘাতক। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
